২০ দলীয় জোটনেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আসন্ন ইউপি নির্বাচনে জুলুম ও দেশ বিক্রির প্রতীক নৌকাকে ২০ ফুট পানির নীচে ডুবিয়ে দিতে বলেছেন।
বেগম খালেদা জিয়ার চ্যালেঞ্জকে হুকুম মনে করে তিনি ২০ দলীয় জোট নেতা ও কর্মীদের পল্লীর জনপদে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইউনিয়ন কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকালে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলাধীন জাঙ্গালিয়ায় ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
পেয়ারে হিন্দুস্থান শেখ হাসিনা যাই বলেন না কেন, ভাটি অঞ্চলের জাতীয় বীর ঈশা খাঁ দিল্লীর মোঘল সেনাপতি মান সিংহের তরবারি ভেঙ্গে ফেলেছিলেন। দেশপ্রেমিক নেতাদের সাহসী হতে হবে। এ জাতি পরাজিত হয়েছে, কিন্তু কখনোই বৃটিশ, মুঘল ও পাকিস্তানের কাছে পরাভব মানে নাই। স্বাধীনতা যুদ্ধের চেতনায় গণতন্ত্র ও আজাদী রক্ষার সংগ্রামে তিনি আবারো গর্জে ওঠার আহ্বান জানান।
 
জনপ্রিয় দল বিএনপির কাউন্সিলকে নাটক ও আসামী বলে কটাক্ষ করার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী পূর্ব পুরুষদের সাকিন ও আমলনামা মনে করলে আওয়ামী সভানেত্রী কখনোই এসব কথা বলতেন না। 
কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ৮ শত কোটি টাকা লুট হয়ে গেল। ১ মাসেও অর্থমন্ত্রী তা জানেন না ! জাতির জিজ্ঞাসা তবে জানেন কে? বঙ্গবন্ধু মুজিব আফসোস করে বলেছেন ‘মানুষ পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি’ সেই চোরের খনির পাহারাদার আলীবাবা ও চল্লিশ চোর কারা দেশবাসী তা জানে ও বুঝে। আমি কিছু বলতে চাই না। 
 
এসময় তার সাথে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান, গাজীপুর মহানগর জাগপার সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবির, সহ সম্পাদক শফিক, ২০ দলীয় জোট প্রার্থী নেসার আহমেদ নুহু। আরো উপস্থিত ছিলেন জামায়াতের গাজীপুর মহানগর আমীর অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ, জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি নাসির উদ্দিন, জামায়াত নেতা ও মেম্বার পদপ্রার্থী এস.এম সেলিম, যুবদল নেতা দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম। পরে নেতৃবৃন্দ গাজীপুর জেলা জাগপার সভাপতির মায়ের কুলখানি অনুষ্ঠানে শরীক হন। 
 
যশোর জেলা জাগপা কার্যালয়ে হামলার নিন্দা
 
জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান আজ এক বিবৃতিতে যশোর জেলা জাগপা কার্যালয়ে ক্ষমতাসীনদের আশ্রীত দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে অবিলম্বে দুর্বৃত্তদের আটক ও বিচারের দাবি জানান।