সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই গাঁজা ব্যবসায়ীকে দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ জুন) বিকেলে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন- কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে আলমগীর হোসেন (৩২) ও আবুল হোসনের ছেলে মনিরুল ইসলাম (৩০)।

সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির হাবিলদার আকরাম হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯শ’গ্রাম গাঁজাসহ আলমগীর ও মনিরুলকে আটক করে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও উত্তম কুমার তাদের দেড় বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওএফ