রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ কর্মীসহ ৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুর পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস নুরী জানান, কোতয়ালী থানা পুলিশ জামায়াতের একজন, মিঠাপুকুরে জামায়াত-শিবিরের চারজন, বদরগঞ্জে জামায়াতের একজন, পীরগঞ্জে জামায়াত শিবিরের চারজন, পীরগাছায় বিএনপির ৯ জন ও জামায়াতের একজন কর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এ সব বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ছাড়াও গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে। তাদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলা পুলিশ একই সময় জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে আরও ৫৬ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল, ১২ পিস ইয়াবা ও ৪৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
এমএইচ