প্রতি লিটারে ভোজ্যতেলের দাম পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

ভোজ্যতেল আমদানিকারক ও উৎপাদনকারী সমিতির সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ওই বৈঠকের পর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও আমদানিকারক সমিতির সভাপতি ফজলুর রহমান দাম কমানোর বিষয়ে যৌথ ঘোষণা দেন।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ভোজ্যতেলের আমদানিকারক সমিতি তেলের দাম লিটারপ্রতি চার টাকা কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়। তবে তাঁর (বাণিজ্যমন্ত্রী) অনুরোধে সমিতির সভাপতি ফজলুর রহমান দাম পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নেন।

ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বানিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের দাম মূলত নিয়ন্ত্রণ করে আমদানিকারক সমিতি। তারা ভোজ্যতেলের দাম কমানোর যে উদ্যোগ নিয়েছে, সে জন্য সরকারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হচ্ছে।

এআই