চট্টগ্রামের আলাওল হলে সাংবাদিকদের কক্ষে অনুপ্রবেশ ও লুটপাটের ঘটনা ঘটেছে ।এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ ও সাবেক সহসভাপতি ফরহান অভির কক্ষের তালার কাটা ও লুটপাটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দুঃখ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় উপাচার্য বরাবরে লিখিত অভিযোগও দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফারুক আব্দুল্লাহ ও ফরহান অভি।
উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করে উপাচার্য বলেন, যে কোনো ছাত্রের কক্ষ ভাঙচুর ও লুটপাট একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় পরিবারও এ ঘটনায় দুঃখ প্রকাশ করছে বলে জানানো হয়।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী, চবি সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ, সহসভাপতি মীর রাতুল হাসান, সাধারণ সম্পাদক মন্ডল মোহাম্মদ আরিফ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার প্রকাশনা ও দফতর সম্পাদক রহমান শোয়েব, সদস্য সালামত উল্লাহ, আজিজ আহমেদ, বায়জিদ ইমন, জয় দাশ, মুমিন মাসুদ, আব্দুল্লাহ আল ফয়সাল, জমির উদ্দিন, কিংশুক পার্থ প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাওল হলের ২০৯ নম্বর কক্ষের তালা ভাঙ্গার ঐ ন্যাক্কারজনক ঘটনায় লুট হয় কক্ষে থাকা ল্যাপটপ, ক্যামেরা থেকে শুরু করে মূল্যবান জিনিসপত্র। ওই কক্ষটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারুক আব্দুল্লাহ ও ফরহান অভির নামে বরাদ্দ ছিল।এদের মধ্যে ফারুক আব্দুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও ফরহান সমিতির সাবেক সহসভাপতি।
এমআইএস।





