আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার একসরা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, মধ্যম একসরা গ্রামের মিকাইল সানার ছেলে তরিকুল ইসলাম (২৮) ও একই গ্রামের ফেরদাউস আলম (৩০)।

এলাকাবাসী জানান, আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে মঙ্গলবার দুপুরে একসরা বাজারে ওই সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় উভয় গ্রুপের লোকজন দেশী অস্ত্রে সজ্জিত ছিল। পরে লিটন গ্রুপের লোকজন একসরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় লিটন এক রাউন্ড ফাঁকা গুলি করেন। সংঘর্ষের সময় একসরা বাজারে ৪টি বোমার বিস্ফোরণও ঘটানো হয়। এতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনিরুজ্জামান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কেএইচ