বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। দেশটির সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে এব্যাপারে একটি সমঝোতা স্মারক স্মারক করার সিদ্ধান্ত নিয়েছে।
গত সোমবার জেদ্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজার মাদানির এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সরকারের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সাফল্যের বিষয়ে সৌদি সরকারকে অবহিত করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও কাউন্সেল জেনারেল এ কে এম শহিদুল করিম ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে তার দেশের বর্তমান সম্পর্ককে চমৎকার ও সঠিক পথেই তা অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন। নতুন করে দুটি দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবার পর উভয় দেশের মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরো বাংলাদেশি পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ লোকবল নেয়ার জন্যে সৌদি আরব সরকারের কাছে অনুরোধ জানান। গত রমজান মাসে বাংলাদেশি নাগরিকদের উমরা হজ পালনে ভিসা পেতে কিছু অসুবিধা হওয়ায় তা ভবিষ্যতে দূর করার জন্যে উদ্যোগ নেয়ারও অনুরোধ জানান প্রতিমন্ত্রী।
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাদানি বলেন, ইতিমধ্যে তার দেশ বাংলাদেশ থেকে আবাসন খাতে গৃহপরিচারিকা নিয়েছে এবং ভবিষ্যতে আরো পুরুষ গৃহকর্মী নেয়ার জন্যে সক্রিয় চিন্তাভাবনা করছে। হজ মওসুমের বাংলাদেশি নাগরিকদের জন্যে উমরা ভিসা দেয়ার ব্যাপারে কোনো জটিলতা যাতে না থাকে সেদিকেও নজর দেবে সৌদি সরকার।
সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক আলোচনা সভায় যোগ দেন। এছাড়া প্রতিমন্ত্রী জেদ্দার গভর্নর প্রিন্স মিশাল বিন মাজেদ, ওআইসি’র সেক্রেটারি জেনারেল ইয়াদ মাদানি ও ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন। সূত্র: আরব নিউজ
এআর





