বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রতিটি ভেন্যু নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। আগামী ১০ দিন সাধারণ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া চলাচল সীমিত রাখার অনুরোধ জানান আইজিপি।
১৭ মার্চ থেকে ২৬ মার্চ পাঁচ জন রাষ্ট্র ও সরকার প্রধানের বাংলাদেশ সফরকালে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসার ও ফোর্সদের নির্দেশ দিয়েছেন আইজিপি।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ঢাকায় আসবেন। এত গুরুত্বপূর্ণ মেহমান আগে একসঙ্গে ঢাকায় আসতে আমরা দেখিনি। দেশ ও জাতির জন্য এ ধরনের সফর অত্যন্ত সম্মান ও গর্বের। বিদেশি অতি গুরুত্বপূর্ণ মেহমানদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভেন্যু নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হবে।
আগামী ১০ দিন জরুরি প্রয়োজন ছাড়া জনগণের চলাচল সীমিত রাখার জন্য নগরবাসীর প্রতি আবারও অনুরোধ জানান তিনি।
এ সময় রাজধানীতে কোনও ধরনের সভা, সমাবেশ মিছিল, মিটিং ইত্যাদি আয়োজন না করার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান বেনজীর আহমেদ।
অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো: মইনুর রহমান চৌধুরী বলেন, যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের জন্য থাকবে সম্মানজনক স্বীকৃতি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, আইজিপি’র নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের স্বার্থ ও সম্মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এ আয়োজনের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোনও প্রকার শৈথিল্য প্রদর্শন করবে না ডিএমপি। সভায় ডিএমপির সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমবি





