মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন শনিবার আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।এ সময় তাদের মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
মারাত্মক আহত দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধির রাজবংশী ও দৈনিক রূপবাণী পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মীর রাতুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু রাতুলের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে যুবলীগের দুর্বৃত্তরা এক স্বতন্ত্র ইউপি প্রার্থীর বাড়িতে হামলা চালায়। হামলার সময় ছবি তুলতে গিয়ে ওই দুই সাংবাদিক দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধির রাজবংশী ও দৈনিক রূপবাণী পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মীর রাতুল আক্রমণের শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ছিল শ্রীনগর উপজেলা ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। বিকেল ৪টার দিকে শ্রীনগর সদর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. মোখলেছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন।
এ সময় আওয়ামী লীগ প্রার্থী মোখলেছুর রহমানের লোকজন দাবি করেন-তাদের ওপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা হামলার জন্য প্রস্তুত রয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাজুলের বাড়ি তল্লাশি চালায়। এর পর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল লস্কর ও দেউলভোগ এলাকার পারভেজের ছেলে ছাত্রলীগ নেতা প্রিন্সের নেতৃত্বে দুর্বৃত্তরা তাজুলের বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করে।
এ সময় এই হামলার ছবি তুলছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধির রাজবংশী ও দৈনিক রূপবাণী পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মীর রাতুল। তাদেরকে ছবি তুলতে দেখে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। তাদের মোটরসাইকেল এবং ক্যামেরা ভাঙচুর করে।
সহকারী পুলিশ সুপার (এএসপি শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান বাবু বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।
এআইজে





