মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন ঠান্ডু তার ব্যক্তিগত তহবিল থেকে এই বিতরণ কাজ সম্পন্ন করেন।

গত কয়েকদিন ধরে উপজেলার গোপালপুর, বরাইদ, রাজৈর, পাতিলা পাড়া, ঘোনা, ছনকা ও তিল্লিসহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক নদীভাঙন শুরু হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ট্রলারযোগে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে পাঁচ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা করে প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কদ্দুস খান, সাটুরিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুর রব, সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বশির উদ্দিন ঠান্ডু বলেন, নদীভাঙনে বেশ কয়েকটি গ্রামের মানুষ নিদারুণ কষ্ট নিয়ে জীবনযাপন করছেন। সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা না থাকায় তার ব্যক্তিগত উদ্যোগেই সীমিত আকারে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই