প্রথমবার ঢাকায় এসেই প্রাণ হারালেন তুর্কি মুন্না (১৯) নামের এক তরুণ। যাচ্ছিলেন বন্ধুর বাসায়। পথের মধ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ওই তরুণ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরের ডেসকো কার্যালয়ের পাশের রাস্তায় এই ঘটনাটি ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের বন্ধু ও স্বজনদের বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান জানান, তুর্কি মুন্নার বাড়ি নড়াইল সদরে। গ্রামে পড়ালেখা করেন। রাতের গাড়িতে ঢাকায় আসেন তিনি। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে গাড়ি থেকে নেমে বন্ধুর বাসায় যাওয়ার পথে কে বা কারা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো: মতিউর রহমান বলেন, “একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। পরে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।” তিনি আরও বলেন, “তুর্কি মুন্না মিরপুর-১ নম্বর সেকশনের নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে বন্ধু রহমতের বাসায় আসে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা।”
এমবি





