তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের কোনো প্রতিহিংসা নেই।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া গত ৭ বছর ধরে কখনো জঙ্গি তাণ্ডব, কখনো সংসদকে অচল করার চক্রান্ত করেছেন। আবার কখনো মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করেছেন। সুতরাং বেগম জিয়ার বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার দেয়নি।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৫ সালের শুরুতে ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হচ্ছে। ৭১-এর যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহাই দেওয়া হবে না।

এ সময় মন্ত্রীপত্মী এবং জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর