চোলাই মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে যশোর কেশবপুর উপজেলার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ভোগাতি গ্রামের নিজাম উদ্দিন গাজী (৪৫), মধ্যকুল গ্রামের সিরাজুল ইসলাম (৪১) ও মণিরামপুরের নাগেরঘোপ গ্রামের সুবল অধিকারী (৪৩)।
যশোর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হতাহতরা অতিরিক্ত অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হন।
কেবশবপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, বুধবার রাতে উপজেলার ভবানিপুর গ্রামে নিজামসহ চারজন মিলে স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ পান করেন।
এরপর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে নিজামকে রাতেই যশোর হাসপাতালে এবং বাকি তিনজনকে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ভোরে যশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম এবং খুলনা মেডিকেলে সিরাজ ও সুবলের মৃত্যু হয়।
খুলনায় চিকিৎসাধীন খাসা খানের (৪২) অবস্থাও গুরুতর। তার বাড়ি কেশবপুরের মধ্যকুল গ্রামে বলে জানান এসআই নজরুল ইসলাম।
এআর





