কলেজছাত্রী তনু হত্যার প্রতিবাদে হরতালের সমর্থনে বরিশালে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে তারা বিভাগীয় শহরের অশ্বিনী কুমার হলের সামনের সড়ক অবরোধ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ৮/১০ বিক্ষোভকারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো প্রকার লাঠিচার্জ ছাড়াই পরিস্থিতি শান্ত করা হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহর বরিশালে অর্ধদিবস হরতাল সমর্থনে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট।
অশ্বিনী কুমার হলের সামনে থেকে জেলখানার মোড় ঘুরে মিছিলটি ফের অশ্বিনী কুমার হলের সামনে এসে সড়ক অবরোধ করতে বসে পড়ে বিক্ষোভকারীরা।
ছাত্র ইউনিয়নের বরিশাল জেলার সাধারণ সম্পাদক এবি সিদ্দিক জানান, সোমবার সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে মিছিল করছিল কিন্তু বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ এসে এতে বাধা দেয়।
এক পর্যায় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে ছাত্র ইউনিয়নের চারজন, ছাত্রফ্রন্টের দু’জন ও অন্য এক শিক্ষার্থী আহত হয়েছে।
এআই





