বগুড়ার শাজাহানপুর উপজেলার গাড়ীদহ-জামাদারপুকুর আঞ্চলিক সড়কে কনেযাত্রী বহনকারী বাস খাদে পড়ে ফনি রায় (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  ফনি রায়ের বাড়ি নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুরের ছোট কঞ্চি গ্রামে। তার পিতা মৃত মুকুন্দ।

রাত সাড়ে ১১টার দিকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই গ্রামে ছেলে পক্ষের বাড়িতে নিমন্ত্রণ খাওয়া শেষে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর গ্রামে বাসযোগে (ঢাকা-জ-৪৩৫৭) ফিরছিলেন।

পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। আহত হন ১০ জন।

আহত ৭ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

এমবি