জেলার মোড়েলগঞ্জে মোজাম্মেল শিকদার (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার নিশানবাড়ি ইউনিয়নের জিউধরা গ্রামে বুধবার রাত ৯টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে যখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে মারা যান তিনি।

মোজাম্মেল শিকদার ওই গ্রামের মৃত হাসেম আলী শিকদারের ছেলে এবং নিশানবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মোড়েলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নওশাদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে যখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি।

ওসি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের ১১টি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোজাম্মেলের বড় ছেলে হাসান শিকদার জানান, তার বাবা মারা যাওয়ার আগে ৪-৫ জনের নাম বলে গেছেন। তিনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ