হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নূর হোসাইন কাসেমীর ছেলে মাওলানা জাবের কাসেমী।
জানাজায় লাখ লাখ মুসল্লি অংশ নেয়। এ সময় বায়তুল মোকাররম এলাকা লোকেলোকারন্য হয়ে যায়।
জানাজায় হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, দারুল উলুম দেওবন্দের পরিচালনা কমিটির সদস্য আল্লামা শফিকুল ইসলাম, বেফাক সভাপতি মাহমুদুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দিন ও তার ভাই মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী বক্তব্য রাখেন।
আল্লামা নূর হোসাইন কাসেমী ১৯৪৫ সালের ১০ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চড্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণি শেষ করে চড্ডার কাশিপুর মাদ্রাসায় ভর্তি হন। তার পর তিনি বড়ুরার মাদ্রাসায় হেদায়াতুন্নাহু জামাত শেষ করেন। এর পর ভারতের সাহারানপুর জেলার বেড়িতাজপুর মাদ্রাসায় জালালাইন জামাত পড়েন।
শিক্ষাজীবন শেষে কাসেমী দারুল উলুম দেওবন্দসহ বিভিন্ন মাদ্রাসায় অধ্যাপনা করেন। নূর হোসাইন কাসেমী ১৯৭৫ সালে জমিয়ত উলামায়ে ইসলামের সঙ্গে যুক্ত হন। ১৯৯০ সালে তিনি জমিয়তের কেন্দ্রীয় নেতৃত্বে আসেন।
২০১৫ সাল থেকে জমিয়ত উলামায়ে ইসলামের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি খতমে নবুয়ত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এএস





