গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চরাঞ্চল কুন্দেরপাড়ার নৌঘাট থেকে নৌ ডাকাত চান মিয়া ওরফে চান্দুকে (৪০) আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডাকাত চান্দু স্বীকার করেছে যে নৌ ডাকাতির উদ্দেশে সে এসব গুলি তার সহযোগিদের কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিল।

ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান বলেন, নৌ ডাকাতি রোধে পুলিশের ডাকাত বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার দুপুরে কুন্দেরপাড়ার নৌঘাট থেকে ডাকাত চান্দু মিয়াকে আটক করা হলো।

এদিকে এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, গত ১৫দিন ধরে ব্রহ্মপুত্র নদীতে একের পর এক প্রকাশ্যে দিবালোকে নৌ ডাকাতি ঘটনা ঘটছে। এর মধ্যে কুড়িগ্রাম সীমান্ত থেকে বগুড়ার সীমান্ত পর্যন্ত এলাকায় গাইবান্ধার বিভিন্ন স্থানে দিনের বেলায় ৫টি বড় নৌ ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া চরাঞ্চলের বিভিন্ন জনপদে প্রায় প্রতিদিনই সংঘবদ্ধ ডাকাত দল বড় নৌকা নিয়ে হানা দিচ্ছে। এলাকার লোকজন গরুসহ অন্য গবাদি পশু এবং মূল্যবান সামগ্রী রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ