পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে মঞ্চে উঠাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় নেতারা র‌্যাব ও পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ আবার স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।  

জানা গেছে, র্দীঘ ১৮ বছর পরে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শুক্রবার শহরের আলাউদ্দিন শিশু পার্কে একটি বিশাল আয়োজন করা হয়।  স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা  এসে মঞ্চে  উপস্থিত হন।

পটুয়াখালী আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের একাংশের নেতৃত্ব দেওয়া পটুয়াখালী পৌর মেয়র ডাক্তার শফিকুল ইসলাম যখন মঞ্চে ওঠেন। তখন অপর গ্রুপের নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ করলে মেয়রের অনুসারী ওয়ার্ড কাউন্সিলর বাসু কুন্ড সঙ্গে থাকা রামদা বের করে এলোপাতাড়ি কোপ শুরু করেন। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উপস্থিত নেতাকর্মীদের মধ্য অনন্ত ২০জন আহত হন। তবে কেন্দ্রীয় কোনো নেতা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পরে আধা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে র‌্যাব-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেআই