জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিচকার ঘাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আয়নাল হোসেন রানা নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন। তারা হলেন এএসআই রতন ও কনস্টেবল আলমাস। পরে ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা ও একটি ভটভটি উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ রানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মহাজন কলোনির কাশেম আলীর ছেলে। তাকে প্রথমে জয়পুরহাট পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে- এমন খবর পেয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ফিচকার ঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রানাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা ও জয়পুরহাটের পাঁচবিবি থানার পাঁচটি মামলা রয়েছে।
এমকে





