যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় এক লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি দুই ও পাঁচ টাকার নতুন নোট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারী কেউ আটক হয়নি।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধা ৬টার দিকে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স-ল্যান্ড এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ টাকা জব্দ করে।

বিজিবি জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি টাকার একটি চালান ভারতে পাচারের চেষ্টা চলছে এমন গোপন খবরের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে চেকপোস্ট শূন্যরেখা থেকে দুটি স্কুল ব্যাগ জব্দ করে।

পরে ওই ব্যাগের মধ্য থেকে দুই ও পাঁচ টাকার নতুন নোটের এক লাখ ৩২ হাজার টাকা পাওয়া যায়। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত টাকা পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।জানা যায়, এর আগেও এ পথে ভারতে পাচারের সময় একাধিকবার বাংলাদেশি দুই টাকার বিপুল পরিমাণ নোট জব্দ হয়েছে। তবে এ দুই ও পাঁচ টাকার নোট কী কারণে ভারতে পাচার হচ্ছে তা জানা সম্ভব হয়নি।

নাছির/জারিফ