নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি গ্রামে একটি বাসায় ফার্নিচারে বার্নিশ করার সময় মিস্ত্রিদের সিগারেট থেকে আগুন লেগে চার শিশু দগ্ধ হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ শিশুরা হলো, ওই বাসার ভাড়াটে মিজানুর রহমানের দুই ছেলে নিয়াজ (৬) মিরাজ মোহাম্মদ (৫) ও একই ভবনের অন্য ভাড়াটে আবদুর রহমানের দুই মেয়ে খাদিজা আক্তার (৬) ও ঝিমা (৮)।
মিজানুর রহমান জানান, তারা ওই বাসায় ভাড়া থাকেন। নিচ তলায় কাঠের দরজায় বার্নিশ করার সময় হঠাৎ আগুন লাগে। এতে তার দুই ছেলেসহ চার শিশু দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে মিস্ত্রিরা কাজ করার সময় তাদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়।
কেএইচ





