প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় পটুয়াখালিতে ইভা আক্তার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে কয়েক বখাটে।

সোমবার সকাল ১০টার দিকে বাউফল উপজেলার অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ইভা ইঞ্জিনিয়ার ফারুক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একই গ্রামের চাঁন মিয়া কবিরাজের ছেলে সোহেল ইভাকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিলো।

বিষয়টি এলাকার গণ্যমান্যদের অবহিত করেন ইভার বাবা ইদ্রিছ হাওলাদার। কিন্তু তাতেও কোনো প্রতিকার হয়নি।

সোহেল ক্রমশই ইভাকে নানাভাবে উত্ত্যক্ত করতো বলে দাবি ইভার বাবার। এরই ধারাবাহিকতায় সকালে সোহেল ও তার বন্ধুরা মিলে ইভার বাড়িতে আসে এবং ইভাকে অপহরণের অপচেষ্টা চালায়।

তাতেও ব্যর্থ হয়ে এক পর্যায়ে ধারালো বটি দিয়ে ইভাকে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় ইভার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

পরে আহতাবস্থায় ইভাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনর্চাজ নরেশ কর্মকার জানান, পুলিশ এ ঘটনায় অবগত আছেন। শিগগিরই সোহেলকে গ্রেফতার করা হবে।

এআর