ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাঁঠালী এলাকার ড্রিম ওয়ার্ল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাঁইচান গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২২) এবং বাকশীবাড়ি গ্রামের রাজমিস্ত্রী মানিক মিয়ার ছেলে জাকির হোসেন (২১)। আহত যুবকের নাম হৃদয় (১৮)। তিনি গফরগাঁও উপজেলার ছয়বাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিহত আশরাফুলের মামা জানান, তারা তিনজনই হবিরবাড়ি এলাকার এসএমসি ওরস্যালাইন কোম্পানিতে চাকরি করতেন। রাতের ডিউটি করার জন্য তারা মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন।

ভরাডোব হাইওয়ে ফাঁড়ি পুলিশের এসআই আশরাফ উদ্দিন জানান, কভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। রাতেই নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিত্যক্ত অবস্থায় ঘাতক কাভার্ডভ্যানটি (ঢাকা-মেট্রো- ট-১৩-২৫৪৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমবি