বরগুনায় ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন করেছে রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম বাদল। রক্ত জমাটবাধা ক্ষত নিয়ে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও পুলিশ সুপার বিজয় বসাক হাসপাতালে গিয়ে নির্যাতিত শিশু ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে শিক্ষা বিভাগ ও সদর ইউএনওকে শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নির্যাতিত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান মালিহা। সে ক্যালিক্স একাডেমির ৩য় শ্রেণির ছাত্রী।
শিশুটি জহিরুল ইসলাম বাদল পরিচালিত বিজয় বৃত্তি কোচিং সেন্টারে এক বছর ধরে কোচিং করছে। শিশুটির বাবা জামাল সিকদার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মালিহা কোচিং সেন্টারে গিয়েছিলো।
সেখানে তাদের অংক করতে দেয়া হয়। অংকটি না পারায় রাত আটটার দিকে মালিহাকে পশুর মতো পেটানো হয়েছে। রক্ত জমাট বাধা আহত অবস্থায় শিশুটিকে রাতেই বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন জানিয়েছেন, এব্যাপারে রাতেই থানায় মামলা হয়েছে।
ওই শিক্ষককে গ্রেফতারের জন্য রাতেই একাধিকবার অভিযান চালানো হয়েছে। পলাতক থাকায় তাকে ধরা যায়নি।
এসএইচ





