সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিখোঁজের ৬ দিন পর নীরব (৬) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১০টায় কামারখন্দ উপজেলার ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
নিহত শিশু নীরব কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বারেক তালুকদারের ছেলে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, আজ সকালে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনে নিখোঁজ শিশু নীরবের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নীরব। এরই একপর্যায়ে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বাড়ির পাশে পুকুর ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পায়নি।
পরে শিশু নীরবের বাবা বারেক তালুকদার নিখোঁজের বিষয়টি উল্লেখ করে ওই দিন রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে কামারখন্দ থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এমবি





