জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ৭জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডনিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম ওরফে জুমান তালুকদার ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীবের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
সভাপতি জাহিদুল ইসলামকে বহিষ্কারের দাবিতে আজ শুক্রবার সন্ধ্যার দিকে সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীবের নেতৃত্বে ওই উপজেলার সারমারা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় জাহিদুল ইসলামের সমর্থকেরা বিক্ষোভ মিছিলে হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ তিন কর্মী স্বপন মিয়া, শরীফ উদ্দিন ও তুহিন হাসান গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমবি





