পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজীর বিরিয়ানি, বাকরখানি ও মাঠাই খেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বুধবার (১৭ জুলাই) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে তিনি পুরান ঢাকায় ঘুরতে যান। এ সময় তিনি নাজিরাবাজারের আলাউদ্দিন রোডে অবস্থিত হাজীর বিরিয়ানির দোকানে যান এবং এসব খাবার খান।
পুরান ঢাকা দেখতে গিয়ে প্রথমেই রাষ্ট্রদূত যান নাজিরাবাজারে হাজির বিরিয়ানিতে। সেখানে বিরিয়ানি খেতে খেতে খাবারটির ঐতিহ্য সম্পর্কে জেনে নেন। পাশাপাশি দোকান থেকে ঐতিহ্যবাহী বাকরখানিও খান রবার্ট মিলার।
ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তারা জানান, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার মূলত পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে এ সফর করছেন। ডিএসসিসি মেয়র সাঈদ খোকন রবার্ট মিলারকে পুরান ঢাকার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের নানা নিদর্শন ঘুরে দেখান।
রাষ্ট্রদূত মিলার পরে সাংবাদিকদের জানান, সকাল বেলা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেয়ে তিনি খুবই মুগ্ধ। আজকের সকালটা অন্যরকম অনুভুতির ছিল বলেও জানান তিনি।
এসএম





