রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৩ নারীসহ ১৪ জন মারা গেছেন। এনিয়ে বিভাগের আট জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫১ জনে।

শনিবার (০৩ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষায় ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২১ দশমিক ৫৬ শতাংশ। এ সময় দিনাজপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৪ জন, গাইবান্ধায় ২ জন এবং পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরে ১ জন করে মারা গেছেন।

রংপুর বিভাগে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৬১টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৭ হাজার ৬৯২ জনের। আর সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৫০ জন।

ডা. জাকিরুল ইসলাম জানান, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলায় করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে দিনাজপুরে ৮ হাজার ৯৮০, রংপুরে ৬ হাজার ৩৫৭ ও ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম আক্রান্ত লালমনিরহাটে, ১ হাজার ৫৬৫ জন।

স্বাস্থ্যবিধি অমান্য, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধান না করায় রংপুর বিভাগে করোনা সংক্রমণ বাড়ছে বলে মনে করেন তিনি।

ডা. জাকিরুল ইসলাম জানান, রংপুরে করোনা হাসপাতালে ১০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই। আর সাধারণ শয্যা খালি রয়েছে মাত্র ৯১টি।

এমবি