আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার রাতে অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের বৈঠকে নাছিরকে চূড়ান্ত প্রার্থী করার সিদ্ধান্ত হয়।
এ দিন সন্ধ্যা ৭টার পর শুরু হওয়া বৈঠক চলে রাত প্রায় ৯টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
বৈঠক শেষে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন দলের এ সিদ্ধান্তের কথা জানান।
আ জ ম নাছিরও বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের শীর্ষ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন।
বৈঠকে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আবদুস সালাম উপস্থিত ছিলেন।
মহিউদ্দিন চৌধুরী নাগরিক সমাজের প্রার্থী হিসেবে প্রচারণা চালালেও শেখ হাসিনার নির্দেশে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সম্মতি জানিয়েছেন। একইভাবে আবদুস সালামও প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন।
এআর





