৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন ছিল না। দেশের মানুষ ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শনিবার) সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে হাসিনা এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন ছিল না। দেশের মানুষ ভোট দিয়েছে বলেই সরকার চার বছর পূর্ণ করতে পেরেছে। এরশাদ ও খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলে তারা টিকে থাকতে পারেনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক টুইটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া টুইট করেছে আওয়ামী লীগ বুলেটে আর বিএনপি ব্যালটে’ বিশ্বাসী।এ কথা কতটুকু সত্য তা এ দেশের মানুষ জানে। আমিই প্রথম বলেছিলাম আমরা বুলেটে বিশ্বাস করি না আমরা ব্যালেটে বিশ্বাসী।
হাসিনা বলেন, যারা বন্দুকের নল দেখিয়ে রাষ্ট্রপতিকে অসুস্থ করে নিজে রাষ্ট্রপতি হয়ে টেলিভিশনে বলে আজ থেকে আমি রাষ্ট্রপতি। তারা আবার গণতন্ত্রের কথা বলে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
এমবি





