যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রাম থেকে ৩টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলিসহ ৫ জনকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

শনিবার (০৭ মার্চ) আটকের পর রাত ১০টার সময় র‍্যাব সদস্যরা তাদের শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

আটকরা হলেন, উপজেলার ইছাপুর গ্রামের কেনারুল (২৫), সফিকুল ইসলাম (৩০),মহসিন (৩৫), মারতাজুল হক (২৭) ও কাদের (২৭)।

পুলিশ জানায়, শনিবার রাতে যশোর র‍্যাব সদস্যদের কাছে গোপন খবর আসে যে উপজেলার ইছাপুর গ্রামের সোহাগ এবং মাহাবুবের যৌথ মালিকাধীন মাছের ঘেরে সন্ত্রাসীরা অস্ত্র বেচাকেনা করছে। পরে তারা সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি পাওয়া যায়। আটকদের জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টার দিকে শার্শা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম মোল্লা আটকের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন। এবং বলেন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইআর