যশোরে ট্রাকের চাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে যশোর শহরের বকচর কোল্ড স্টোরেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ যশোর সদর উপজেলার বাহিরমল্লিক গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি প্রাণ কোম্পনির বিক্রয় প্রতিনিধি (সেলসম্যান) হিসেবে কাজ করতেন।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার জানান, সকালে বাইসাইকেলে করে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন আব্দুল্লাহ। পথে বকচর কোল্ড স্টোরেজ মোড়ে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যান।
এসআই বিপ্লব আরও জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
এমএইচ





