৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ জনপদের ট্রেন যোগাযোগ চালু হয়েছে।
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার এই ঘটনা ঘটে।
আজ (২৬ জুলাই) রোববার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন সেতুর পূর্ব পাড়ে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে রেলওয়ের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আজ (২৬ জুলাই) রোববার ভোরে কাজ শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনসহ লাইনচ্যুত বগিগুলো সরিয়ে মেরামত শেষ করা হয়। এরপর সকাল ৯টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ আবার চালু হয়।
এমবি





