কুমিল্লার মুরাদনগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘ডাকাত’ সাজিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। প্রতারিত হয়ে বিদেশ থেকে ফিরে আসা যুবককে হত্যার এই ছবি মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে দালালচক্র।
এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্তের জন্য মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, মাইকে ডাকাত ঘোষণাকারী মসজিদের ইমাম আবুল হাসানকে আটক করা হয়েছে।
গত ১৪ জুলাই ভোরে, কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজীতুল গ্রামের মসজিদের মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দেয়ার পর সামসুল হক মুনির নামে এক যুবককে হাত পা বেধে নির্মমভাবে পেটানো হয়। পরে কৌশলে পুলিশে খবর দেয় নির্যাতনকারীরা। এরপর মুনিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তবে মুনিরের পরিবারের অভিযোগ, গত জানুয়ারিতে স্থানীয় এক ট্রাভেল ব্যবসায়ীর মাধ্যমে দুই বছরের চুক্তিতে দুবাই গিয়েছিলো মুনির। কিন্তু প্রতারিত হয়ে কয়েক মাসের মাথায় দেশে ফেরত আসায় ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে টাকা ফেরত চায় মুনির। টাকা না দিতেই ডাকাত সাজিয়ে হত্যা করা হয় তাকে।
এদিকে, নির্মমভাবে নির্যাতনের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার পরও অভিযুক্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় ন্যায় বিচার নিয়ে শঙ্কিত মনিরের পরিবার।
হত্যার ঘটনায় স্থানীয় কুদ্দুস মাতুব্বর ও ট্রাভেল ব্যবসায়ী মোহাম্মদ আলীসহ সাতজনের নাম উল্লেখ এবং আরো ১০ জনকে অজ্ঞাত আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা করেছেন নিহতের বাবা।





