রাজধানীর রামপুরাস্থ হাজিপাড়া ঝিলপাড় বৌ বাজার বস্তিতে দোতলা টিনসেড বাড়ি দেবে যাওয়ায় ১১জনের করুন মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, বাড়ির মালিকের নাম মনির চৌধুরী। সে ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) এর তথ্য ও গবেষণা সম্পাদক।

বুধবার বিকালে যখন দোতলা টিনসেড বাড়িটি পানিতে দেবে যায় তখন অধিকাংশ ভাড়াটিয়া ঘরে অবস্থান করছিলেন। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। এজন্য ভাড়াটিয়াদের অনেকেই ঘরেই ছিলেন।

ঝিলপাড় এলাকায় যেখানে বাড়িটি বানানো হয় সেটি মূলত ডোবা। খালটি খাস বলে আগে থেকেই দখল চলছিল। এক বছর আগে যুবলীগ নেতা মনির কাঠ বাস ও টিন দিয়ে দোতলা বাড়িটি তৈরি করে ভাড়া দেন। ঝিলের মাঝামাঝি এলাকায় বাড়িটি তৈরি করায় যাতায়াতের জন্য একটি বাশের সাকো তৈরি করা হয়। বাড়িটি পানিতে দেবে যাবার কারনে নীচতলার ভাড়াটিয়াদের জীবনের সাথে সাথে মালপত্রও পানিতে ডুবে যায়।

বস্তির লোকজন জানায়, দোতলা বাড়িটিতে মোট ২৫টি ঘর ছিলো। প্রতিটি ঘরে অবৈধ সংযোগ দেয়া হয়। গ্যাসের অবৈধ সংযোগও দেয়া ছিলো। প্রতি ঘরের ভাড়া ছিলো ৪-৫ হাজার টাকা। এ হিসেবে প্রতি মাসে এই বাড়িটি থেকে মনিরের আয় ছিলো এক লাখ টাকা ওপরে।

স্থানীয় যুবলীগ নেতা হিসেবে মনির ছিলো প্রভাবশালী। ঘটনার পর সে পলাতক। বাড়িটি দেখাশোনার জন্য একজন ম্যানেজার রেখেছিলেন মনির। আজ ম্যানেজারের ছেলে জাকিরও পানিতে ডুবে মারা গেছে।

জেআই