পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সাত শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) ফারুক আহমেদ বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে নদনদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ কারণে মানিকগঞ্জেও পানি বাড়ছে। গতকাল বৃহস্পতিবার সকালে শিবালয়ের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার পানি বেড়েছে। আজ শুক্রবার সকালে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার ভেতর বয়ে যাওয়া নদী ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতীসহ অভ্যন্তরীণ সব নদীতেই পানি বাড়ছে বাড়ছে বলে জানান পাউবোর ওই কর্মকর্তা।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘দৌলতপুর, ঘিওর, শিবালয়, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় প্রায় ৭০০ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। তাদের মধ্যে চাল ও শুকনা খাবার দেওয়া হচ্ছে।’
এমআর





