বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আজ (২৩ এপ্রিল) একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এই সম্মেলন হবে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন।

সন্ধ্যা ৭টায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট বর্জ ব্র্যান্ডের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম খেত্রপাল সিং কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিং দেবেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রধান আরনাউড বার্নার্ট তাদের সংস্থার স্বাস্থ্যসেবা শাখার দিক থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন। পরে সঞ্চালক সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের মতামত দেয়ার আহ্বান জানাবেন। এতে অংশ নেবেন রিজিয়নাল অ্যাকশন গ্রুপ ফর সাউথ এশিয়ার সদস্যরা।

শেষ বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে সারসংক্ষেপ ও পরবর্তী পদক্ষেপ তুলে ধরার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে।

এমবি