ময়মনসিংহের চরাঞ্চল বোরর চরে ব্রহ্মপুত্র নদে পারাপারের ডিঙ্গি নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। ডিগ্রীপাড়া ঘাট থেকে মৃধাপাড়া খেয়াঘাটে শনিবার বিকেল ৬টার দিকে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকাটি পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
বোরর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বুদু জানান, ২০-২৫ যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা ডিগ্রীপাড়া ঘাট থেকে মৃধাপাড়া খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ঝড়ো হাওয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে অনেকেই পারে উঠলেও প্রবল স্রোতের কারণে দুই পুরুষ ও এক শিশু নিখোঁজ রয়েছে। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়ে রাত ৮টা পর্যন্ত পৌঁছায়নি।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় কেউ মারা যাননি। তবে তিনজন নিখোঁজ রয়েছেন।
এএইচ





