পাবনার ভাঙ্গুরায় ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে দেড়টার দিকে উপজেলার ভেড়ামারা-পাথরঘটা সড়কের রাঙ্গালিয়া লিঙ্ক রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)। তবে নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গুরা থানার ওসি আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী একটি অটোভ্যানকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ট্রাকটি সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। আর অটোভ্যানের তিন যাত্রী চর ভাঙ্গুরা থেকে দাওয়াত খেতে একই উপজেলার হাটগ্রাম যাচ্ছিলেন। রাঙ্গালিয়া লিঙ্ক রোড দিয়ে প্রধান সড়কে উঠার সময় চলন্ত ট্রাকটি তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
এমবি





