তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকের এ ঘটনায় দুই পুলিশ সদস্য’সহ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কনস্টেবল ফিরোজকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে এবং কনস্টেবল মাহমুদকে ১৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়া, আহত হয়েছেন এএসআই শীলব্রত বড়ুয়াও। পরে পালানোর সময় রনক নামের এমইএস কলেজ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ছাত্রলীগের এক নেতার সাথে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশের কনস্টেবল মাহমুদের মাঝে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়।বাকবিতন্ডার ফাঁকে ছাত্রলীগের ওই নেতা মুঠোফোনে কল করে দলবল নিয়ে আসে।
এসময় ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশের উপর হামলা করে। পরে খবর পেয়ে পাঁচলাইশ জোনের এসি ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত)’সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে ধাওয়া দিয়ে রনক’কে আটক করে পুলিশ।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল হক বলেন, স্থানীয় ছাত্রলীগ নামধারী কিছু বখাটে ছেলে মেডিকেলে কর্মরত কন্সটেবলের সাথে বাজে আচরণ করে, পরবর্তীতে এমন বাজে ব্যবহারের কথা জিজ্ঞেস করলে তারা দলবল নিয়ে আমাদের পুলিশের উপর হামলা চালায়।
মাসুম/এমবি





