এক মাসের মধ্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে তিন বছর আগে গ্রামবাসীর কাছ থেকে টাকা নিয়েছিলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম সামছুল আলম।

বিদ্যুৎ-সংযোগ ও টাকা ফেরত না দেওয়ায় গতকাল বৃহস্পতিবার  সকালে গ্রামবাসী বিক্ষোভ মিছিল নিয়ে সামছুলের বাড়ি ঘেরাও করেন।

কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের বেলাল হোসেন, ফজলু মিয়া, গমির উদ্দিন, মজিবর রহমান, তায়েজ উদ্দিনসহ শতাধিক গ্রামবাসী অভিযোগ করে বলেন, তিন বছর আগে ওই গ্রামে তিন শ বাড়িতে দ্রুত বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য চেয়ারম্যান সামছুল আলম ঈদগাহ মাঠে মাইকে ঘোষণা দিয়ে তাঁর অনুগত মমতাজ উদ্দিনের ছেলে ছোট সামছুলকে গ্রাহকপ্রতি ৬৫০ টাকা করে দিতে বলেন।

চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী ওই গ্রামের তিন শ গ্রাহক ছোট সামছুলকে টাকা দেন। কিন্তু এখনো তাঁদের বিদ্যুৎ-সংযোগ বা টাকা ফেরত দেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ছোট সামছুল বলেন, ‘তিনি তিন শ গ্রাহকের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সামছুলকে দিয়েছেন।’

ইউপি চেয়ারম্যান এম সামছুল আলম বলেন, তিন শ বাড়িতে বিদ্যুৎ-সংযোগের সঙ্গে একটি রাইসমিল ও দুটো গভীর নলকূপের সংযোগ ছিল। রাইসমিল ও গভীর নলকূপের মালিকেরা সংযোগের টাকা না দেওয়ায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এত দিন সংযোগ দেয়নি। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ২১ মে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেয়ে বিদ্যুৎ-সংযোগ স্থগিত করা হয়।’

এআই