খুলনার ফুলতলা উপজেলার একটি মেস থেকে বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের জেলা শাখার প্রধানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাঁদপুর গ্রামের ওই মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে চারটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম, বই ও ডায়েরি উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আল্লাহর দলের খুলনা জেলা শাখার প্রধান পারভেজ হোসেন (২৬), সদস্য আব্দুর রহিম (২৮), মো. সেলিম (২৩), আলী হোসেন (২৪) ও বিশ্বজিৎ দেবনাথ ওরফে মাহিন আহম্মেদ (২৮)।
ফুলতলা থানার ওসি মো. ইলিয়াছ ফকির জানান, ওই মেস থেকে সংগঠনটির কার্যত্রম পরিচালিত হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ওসি জানিয়েছেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, তারা আল্লাহর আইন কায়েম করার জন্য সংগ্রামে নেমেছে। এরই অংশ হিসেবে ফুলতলার ওই মেসে থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিল।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





