চট্টগ্রামে নগর জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহানসহ ১২ নেতা-কর্মীকে এক বৈঠক থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার রাতে পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান।

পুলিশের দাবি তারা ‘গোপন’ বৈঠকে ‘নাশকতার পরিকল্পনা করছিলেন’। তবে এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

গ্রেপ্তার নেতাদের মধ্যে নগর জামায়াতের আমির ছাড়াও সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ রয়েছেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। তারা নাশকতার পরিকল্পনা করতে জড়ো হয়েছিলেন। বাসাটি থেকে বেশকিছু সাংগঠনিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।’

অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’