কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের একদিন পর মাবরুল হোসেন (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মৌকরা ইউনিয়নের চাঁন্দগড়া গ্রামের একটি খালের ব্রিজের নিচ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরবর্তিতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মাবরুল উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাঁনগড়া গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাবরুল বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চি হিসেবে কাজ করতো। তাঁর ৫ বছর বয়সী শাহির নামে ছেলে সন্তান রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মা ফাতেমা বেগমের সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

সর্বশেষ গত বুধবার রাতে চাঁন্দগড়া গ্রামের কয়েকজন বাসিন্দা খালের পাড়ে এক ব্যক্তির জুতা দেখতে পায়। এতে তাদের সন্দেহ হলে কয়েকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ব্রিজের নিচে ওই যুবকের লাশ দেখতে পায়।এতে স্থানীয় লোকজন থানায় ফোন করলে, পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, মাবরুল নিখোঁজের দিন সন্ধ্যায় আমার সঙ্গে কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন হদিস পাইনি। আর এখন ছেলের লাশ পেলাম।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, মুবরুলদের পরিবারের সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিভিন্ন সময়ে রাজনীতি নিয়ে পারিবারিক ঝগড়াও বেধে যেত।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ূব বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএজেড