রাজধানীর মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে দিলুরোড পানির পাম্প সংলগ্ন রেললাইন থেকে ওই ব্যক্তিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রমনা থানা পুলিশ। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাতে পোনে ১টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
রমনা থানা উপপরিদর্শক (এসআই) দীপংকর দাস জানান, অজ্ঞাত ওই ব্যক্তি আহত অবস্থায় রেললাইনে পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে কোন ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়েছিলেন। তাঁর পরনে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট। এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্য উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তি রাত পৌনে ১টার দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এমআর





