শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এমন তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেল চালক ও তার পেছনে বসে যিনি গুলি করেছে তাদেরকে আসামি করা হবে।
এদিকে, ডিএমপির মতিঝিল জোনের এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্তে এখন পর্যন্ত ‘বিশেষ অগ্রগতি’ হয়েছে। তবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালিয়েছে এমন তথ্য নেই।
তিনি বলেন, ‘অভিযুক্ত রাহুল পালাতে পারেননি। বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযুক্তের বাসাসহ অন্তত পাঁচটি জায়গা লোকেট করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।’
ওই কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার করছিলেন এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি। আজও (শনিবার) নতুন কোনো তথ্য মেলেনি।
তদন্তে বিভিন্ন সংস্থার সমন্বয়ের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘সবাই সমন্বিতভাবে কাজ করছে। র্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও আমাদের যোগাযোগ ও সমন্বয় রয়েছে।’
মামলার বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে।তবে তারা হাসপাতালে রয়েছেন— যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।’
এমএম