জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রতিহতের ঘোষণা দিয়েছে ভেড়ামারা-মিরপুর উপজেলা ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নেতারা। ইনুকে অবাঞ্ছিত করতে কুষ্টিয়া অচল করে দেয়ার ঘোষণাও দেন তারা।

বুধবার রাতে প্রকাশ্যে এক প্রতিবাদ সভা থেকে তার নিজ সংসদীয় আসন মিরপুর-ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন। সেই সঙ্গে সরকারের অতি কাছের প্রভাবশালী এই মন্ত্রীকে ‘অবাঞ্ছিত’ করা হবে বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভা থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। এদিকে, প্রকাশ্যে প্রতিবাদ সভা করে ইনুকে গ্রামছাড়া এবং অবাঞ্ছিত করার ঘটনা নিয়ে কুষ্টিয়ায় জাসদ নেতৃবৃন্দের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে, গত সোমবার রাতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জাসদের কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুড় করার অভিযোগে জাসদের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়। অভিযোগ উঠেছে এ সময় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও ভাংচুড় করা হয়। এ ঘটনার প্রতিবাদে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ এই প্রতিবাদ সভা করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ বলেন, রাজাকার পরিবারের সন্তান ইনুকে এলাকা ছাড়া করা হবে। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান বলেন, ঘটনার সুষ্ঠু বিচার না হলে ইনুকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে সড়ক-মহাসড়ক অবরোধ করা হবে। সভায় একজন বক্তা ইনুকে ইঙ্গিত করে বলেন, এমপি মন্ত্রী হয়ে আপনার দলের সন্ত্রাসীদের দিয়ে আমাদের নেতাকর্মীদের মারবেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করবেন, অফিস ভাঙচুর করবেন, এটা আর আমরা মেনে নেব না।

২৪ ঘণ্টার মধ্যে আক্রমণকারী ওই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনসহ লাগাতার কর্মসূচির ডাক দেয়া হবে। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম এমপির ভাই কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ও পৌর মেয়র শামিমুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী ও যুবলীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে দুই উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ অফিসে যুবলীগ থেকে সদ্য জাসদে যোগ দেয়া হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ করে হামলা চালায়। এসময় তারা অফিসের সামনে রাখা চেয়ার ও টেবিল ভাংচুর করে।

ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুনেছি রাতে কয়েকজন যুবক হঠাৎ করে পার্টি অফিসের সামনে আসে।

তারা অফিসের সামনে রাখা কয়েকটা চেয়ার ভাংচুর করে। তাজুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তছনছ করার যে দাবী করা হচ্ছে এটি মিথ্যা। এধরনের কোন ঘটনা ঘটেনি।

এআই