[b]সুনামগঞ্জ:[/b] জেলার ধর্মপাশা উপজেলায় পুলিশ,আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আহত হয়েছে অন্তত ৩০ জন।
বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজার এলাকায় উপজেলা বিএনপি সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
দফায় দফায় চলা সংঘর্ষে ধর্মপাশা থানার ওসি বায়েস আলম,উপপরিদর্শক (এসআই) মকবুল হেসেন ও ৪ পুলিশ সদস্য,সাংবাদিক ইমাম হেসেনসহ ৩০ জন আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়,দুপুরে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজার এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে জেলা বিএনপির সহ সভাপতি ডা. রফিক চৌধুরীর সমর্থকদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ পুলিশের সঙ্গে যোগ দেয়। ত্রিমুখী এ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো মধ্যবাজার এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
আহত ওসি বায়েস আলম,এসআই মকবুল হেসেন চার পুলিশ সদস্য,দৈনিক বর্তমান-এর উপজেলা প্রতিনিধি ইমাম হেসেনসহ অন্যরা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওসি বায়েস আলম বলেন,সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড টিয়ারশেল ও ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে আমি এবং ৫ পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে।