[b]যশোর: [/b]জেলায় টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে ১৮ দলের মিছিলে গুলি চালিয়েছে আওয়ামী লীগ। এসময় হরতাল সমর্থকরা মোটরসাইকেল, অটোরিকশাসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর করে।

শনিবার শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বেলা সাড়ে ১২টার দিকে দড়াটানা থেকে ১৮ দলের একটি মিছিল শহরের গাড়িখানাস্থ আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময় ৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলিতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ অফিসের বারান্দা থেকে গুলি ছোড়া হয়েছে। ঘটনার পর ১৮ দল দড়াটানা মোড়ে অবস্থান নেয়।
দুপুর ১২টার দিকে শহরের পুরাতন কসবা এলাকা থেকে আওয়ামী লীগের একটি মিছিল শহরের দিকে আসে। ওই সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের ক্যাডাররা গুলি চালিয়েছে। এই ঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ব্যস্ত আছি। পরে ফোন করেন।